পাবনার চাটমোহর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধানের বীজতলা "কোল্ড ইনজুরি" হতে রক্ষায় এলাকায় জনপ্রিয় হচ্ছে পলিথিন শেডে বীজতলা। এ পদ্ধতিতে বীজতলা করায় একদিকে যেমন চারার পচন হতে রক্ষা পাচ্ছে,তেমনিকম সময়ে চারা বাড়ছে। যার ফলে কৃষক পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পলিথিন শেডে বীজ উৎপানের আধুনিক এই কৌশল।
এ জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে এই পদ্ধতিতে বীজতলা করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছেন। এ পদ্ধতি সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, গত বছর বোরো মৌসুমে চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের ভাদরা ব্লকের ৭৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সরকারি ব্যবস্থাপনায় সমলয় পদ্ধতিতে বোরো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখানে ট্রেতে পলিথিন শেডে আবৃত করে বীজতলা করা হয়। এতে করে ভালো মানের চারা উৎপাদন হওয়ায় কৃষকরা এবছরও পদ্ধতিটি ধরে রেখেছে। কৃষক ইউসুব আলী বলেন,পলিথিন শেডে ঢেকে বীজতলা করায় চারা রোগ ও পচন হতে রক্ষা পাচ্ছে। চারার বৃদ্ধিও দ্রুত হচ্ছে। এতে করে চারা নষ্ট কম হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুমবিল্লাহ বলেন,কৃষকরা আধুনিক এ পদ্ধতির সুফল পেয়েছেন বলেই পদ্ধতিটি ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে ধানের চারা সতেজ থাকে,রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে। এজন্য চাষী ফসলও দ্রুত ঘরে তুলতে পারে।