মাঘের মাঝামাঝিতেই চাটমোহর উপজেলার আম গাছে আমের মুকুল বের হচ্ছে। গাছে গাছে এখন আমের মুকুল। প্রকৃতিতে এখনও শীতকাল। আর ক’দিন পরেই প্রকৃতিকে লাগবে বসন্তের ছোঁয়া। এরমধ্যে বাতাসে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে শুরু করেছে। কিছু পলাশের নেশা, কিছুবা চাঁপায় মেশা। মন মাতায়, ছোঁয়া লাগে। কিছু কিছু আম গাছে এখন হলুদ মুকুলের সমারোহ দেখা যাচ্ছে। এ সময় আমের মুকুলে এক জাতীয় পোকা ধরে,তাতে মুকুল কালো হয়ে মরে যায়। এরপরও সামনে আছে ঝড়-বৃষ্টির ভয়। এতে করে আমের ফলন যে কি দাঁড়াবে তবে এখন ঠিক বলা যায় না। তবে এর প্রতিকার নিয়ে এখনই ভাবছে আম চাষীরা। কৃষি বিভাগে পরামর্শ নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে গাছের মালিকরা কীটনাশক স্প্রে করছে। যাতে পোকার আক্রমণ বা মুকুল ঝরে না পরে।
উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের আমচাষী মোঃ শহিদুল ইসলাম জানান,আমের মুকুল আসার আগেই গাছের যতœ নিতে হয়। গাছের চারপাশে খনন করে পানি দিতে হয়। গাছে ওষুধ স্প্রে করা হয়। এরপর মুকুল আসা শুরু করে। তিনি জানান,ইতোমধ্যে গাছে গাছে মুকুল আসছে। রোগ বালাই থেকে গাছের মুকুলকে রক্ষা করতে বালাইনাশক স্প্রে করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ দৈনিক ইত্তেফাককে জানান,চাটমোহর উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে বা বাগান রয়েছে। এ ছাড়া বিভিন্ন বাড়ির আঙিনায় বা সড়কের ধারে বিচ্ছিন্নভাবে আমের অসংখ্য গাছ রয়েছে। তিনি জানান,ইতোমধ্যে আমের মুকুল আসছে। কৃষি বিভাগ থেকে আমচাষীদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।