বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড কেন্দ্রে ইভিএম এর গোলযোগ জনিত কারণে ভোট স্থগিত করা হয়েছে। সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে এ কেন্দ্রে পুনরায় শীঘ্রই ভোট গ্রহন করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭নং ওয়ার্ডের ওই কেন্দ্রটি ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামে অবস্থিত। এ কেন্দ্র পুরুষ-মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ৩১৬৪ জন। সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী ছিলেন। প্রার্থীরা হলেন, শাহজাহান আলী (ফুটবল), শহীদুল ইসলাম (তালা) ও মুকুল মিয়া (আপেল)। এ ছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী ছিলেন, লাকী আকতার (তালগাছ) ও মমেনা খাতুন (কলম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত সোমবার সকাল ৮টা থেকে যথারীতি ভোট গ্রহণ করার পর তা শেষও হয়। কিন্তু গণনার সময় ইভিএম মেশিনে গোলযোগ দেখা দেয়। অনেক চেষ্টা করেও কর্মকর্তারা মেশিনের ত্রুটি সারতে পারেননি। পরে ভোট গণনা ব্যাতি রেখেই কেন্দ্র ত্যাগ করেন কর্মকর্তারা। উপজেলা নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্র চেয়াম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি থাকায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে সদস্য ও মহিলা সদস্যদের ফলাফল অঘোষিত রয়েছে। পুনরায় ভোট গ্রহণ করে তাদের নির্বাচিত করা হবে।