বগুড়ার সারিয়াকান্দিতে আজ ৩১ জানুয়ারী সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এ ভোট সুষ্ঠু,শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশ করতে প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী। রোববার সকাল ১১টায় সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠ এক নির্বাচনি প্রেস ব্রিফিংএ তিনি ওই কথা উল্লেখ করেন। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এ উপজেলায় ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য মোট ৩৩টি ওয়ার্ডে ১০৪টি স্থায়ী, ১টি অস্থায়ী কেন্দ্রে ৫১৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এবার ১১ ইউনিয়নে ১লক্ষ ৫৭ হাজার ৬৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্য পুরুষ ভোটার রয়েছেন ৭৭ হাজার ৫৮৯, এবং মহিলা ভোটার রয়েছেন ৮০ হাজার ৯৭ জন। ১১টি ইউনিয়নের মধ্য ৩টি ইউনিয়ন সম্পূর্ণরুপে যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত। ইউনিয়ন গুলো হলো বোহাইল, কর্ণিবাড়ী ও কাজলা। এছাড়াও হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট কেন্দ্র রয়েছে। সাখাওয়াত হোসেন আরও জানান, চর এলাকার ভোটারদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।