পাবনার সুজানগরে দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দেখা মিলছেনা বে-সরকারি উন্নয়ন সংস্থার। সরকারিভাবে উপজেলায় সাড়ে ৮‘শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হলেও উপজেলায় কর্মরত বে-সরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কোন শীতবস্ত্র বিতরণ করা হয়নি বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
অথচ চলতি মাঘ মাসের হাড়কাঁপানো শীতে উপজেলার অনেক দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষ যবুথবু হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, সিসিডিবি, আশা, অন্যন্য, ওসাকা এবং উদ্দীপনসহ ৩৩টি বে-সরকারি সংস্থার কার্যক্রম রয়েছে। ওই সব সংস্থার বেশীরভাগই এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের অবহেলিত, উপেক্ষিত ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে কাজ করার কথা বলে থাকেন। অবশ্য ওই সকল সংস্থা এজন্য দেশ এবং দেশের বাইরের দাতা দেশগুলোর কাছ থেকে আর্থিক সহায়তাও পেয়ে থাকন। কিন্তু গত পৌষ এবং চলতি মাঘ মাসের তীব্র শীতে অনেক দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করলেও ওই সকল বে-সরকারি সংস্থা উদ্যোগে তাদের মাঝে কোন শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট একটি বে-সরকারি সংস্থার একজন কর্মকর্তা বলেন নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন ছাড়া শীতার্তদের সাহায্য করার জন্য আলাদা কোন বরাদ্দ দেওয়া হয়না। সেকারণে শীতার্ত পরিবারকে সাহায্য করা সম্ভব হয়না।