মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় মা রোজিনা খাতুন (২৫) নিহত হয়েছেন।
শনিবার (২৯ জানুয়ারী) দিবাগত রাত ১ টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোজিনা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বেওলা গ্রামের আবদুস সালামের স্ত্রী।
জানা গেছে, রোজিনা খাতুন প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে রোজিনা খাতুন মৃত ছেলে সন্তান প্রসব করেন। মৃত সন্তান নিয়ে স্বামী- স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজি চালিত অটো রিক্সা যোগে নন্দীগ্রামে পৌছেঁন। সেখান থেকে রাত ১ টার দিকে তারা ব্যাটারী চালিত রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সামনে রোজিনা খাতুন অটোরিক্সা থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় পিছন থেকে নাটোর গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোজিনা খাতুন মারা যান।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।