পূর্ব সুন্দরবনের শরণখোলার দুবলার চরের রূপারগাঙ্গ থেকে উদ্ধার হওয়া রয়েল বেঙ্গল টাইগারটির ময়না তদন্ত শনিবার সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এনিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে গত আড়াই বছরের ব্যবধানে ৪টি রয়েল বেঙ্গল টাইগারের একই অবস্থায় পাওয়া মৃত্যুদেহ উদ্ধার ও পাচারকারীসহ একটি বাঘের চামড়া আটক করা হয়। ২০১৮ সালের সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪ টি। ২০১৫ সালে ভারত ও বাংলাদেশের বনবিভাগ যৌথভাবে জরিপ চালিয়ে ১০৬টি বাঘের সন্ধান পায়।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ সামুসুল আরেফিন এ প্রতিনিধিকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন বিভাগের স্মার্ট টহল দল দুবলার রূপারগাঙ্গ এলাকায় বাঘটি মৃত অবস্থায় দেখতে পেয়ে তাদের জানায়। ওই দিন রাতেই বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করার পর করমজল বণ্যপ্রাণি প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার রেঞ্জার মোঃ লুৎফর পারভেজের তত্তাবধানে সেখানে ওয়াল্ড লাইফের কর্মকর্তাসহ বাঘ বিশেষজ্ঞরা পরিক্ষা নিরিক্ষ করবেন বলে তিনি জানান।
ময়নাতদন্তকারী শরণখোলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন জানান, পূরুষ প্রজাতির এ বাঘটি লেজসহ ৯ফুট দৈর্ঘ্য ও ৪ফুট ৩ ইঞ্চি প্রস্থ। বয়স আনুমানিক ১৬ বছর হবে। সবকটি দাঁত সুরক্ষিত রয়েছে। বাঘটির হৃদপিন্ড, চামড়া, দাত, নখ, মাংস ও খাদ্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ফরেন্সসিক রির্পোটের পরে নিশ্চিত করে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
এর আগে গত বছরের ১৯ মার্চ সুপতি ষ্টেশনের বনরক্ষীরা টহলকালে রাত ৮ টার দিকে ধনচেবাড়িয়ার চর থেকে একটি বাঘের মৃত দেহ উদ্ধার করে রেঞ্জ অফিস নিয়ে আসে। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী কোকিলমনি টহল ফাড়ির কবরখালী এলাকা থেকে একটি বাঘের মৃত দেহ উদ্ধার করা হয়। গত ২০১৯ সালের ২১ আগস্ট কটকা অভয়ারণ্য এলাকার ছাপড়াখালীর চর থেকে একটি বাঘের মৃত দেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাঘের মৃত দেহর নমুনা ফরেনসিক ল্যাবে পরীক্ষায় স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা যায়।
অপরদিকে ২০২১ সালের ১৯ জানুয়ারি ক্রেতা সেজে কৌশলে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাস স্টান্ড সংলগ্ন জলিলের সেতুর নিজ থেকে রাত ৮ টার দিকে র্যাব ৮ সদস্যরা ও বনবিভাগ অভিযান চালিয়ে একটি বাঘের চামড়াসহ শরণখোলা উপজেলা সোনাতলা গ্রামের রশিদ ফকিরের ছেলে গাউস ফকির নামের এক পাচারকারীকে আটক করে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বাঘ সাধারণত ১৫/১৬ বছর বেঁচে থাকে। তাই বার্ধক্য জনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে।