খুলনার পাইকগাছায় শনিবার ইজিবাইকের ধাক্কায় ওজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গদাইপুর মুক্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। একপর্যায়ে খেলার ছলে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে অঙ্গান হয়ে যায়। তাৎক্ষণিক পথচারী ও এলাকাবাসী গুরুতর অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি উপজেলার গদাইপুর চরমোলাই এলাকার মকছেদ গাজীর ছেলে।