বগুড়ার সারিয়াকান্দিতে চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে গ-গোলের আশংঙ্খা করছেন স্থানীয় ভোটার ও প্রার্থীরা। ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্তের দাবী করছেন। এজন্য বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য দিন ধার্য্য আছে। এখানকার মোট ভোটার হলো ১২ হাজার ৭’শ। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬৩৪৩ জন আর মহিলা ভোটার সংখ্যা ৬৩৫৭ জন। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়রা জানান, সবকটি কেন্দ্র চরে অবস্থিত। চরগুলির ভৌগলিক অবস্থা অনেকটা দ্বীপ এলাকার মতো। এক চর থেকে আরেক চর যেতে যমুনা নদী পাড় হতে হয়। বালুময় পথ পায়ে হেটে কেন্দ্র যাওয়া ছাড়া কোন উপায় নেই। ওই ইউনিয়নের জামথল চরের জুয়েল রানা বলেন, গত ইউপি নির্বাচনে কেন্দ্রগুলো চরের লাঠিয়াল বাহিনীর দখলে ছিলো। যার কারণে কোন ভোটার ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়েছে। কাজলা ইউপি’র সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বলেন, গত নির্বাচনেও আমি চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম, কিন্তু লাঠিয়াল বাহিনী সব ক’টি কেন্দ্র দখলের কারণে সকাল ১০টার মধ্যে ভোট বর্জন করেছিলাম। এ ছাড়া আমার কোনো উপায় ছিলোনা। এ বারের নির্বাচনে আনারস প্রতিকে নির্বাচন করছি। আমার আশংঙ্খা গতবারের মতই হওয়ায় আমি প্রতিটা কেন্দ্রের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবী করছি। এজন্য আমি একটি আবেদন বগুড়া জেলা প্রশাসক সহ জেলা, উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়া হয়তো সম্ভব না। তবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।