রংপুরের তারাগঞ্জে ইট ভাটাগুলোতে প্রাপ্তবয়স্ক শ্রমিকের জায়গায় প্রাইমারি স্কুল পড়-য়া কোমলমতি শিশুদের দিয়ে করানো হচ্ছে ইটভাটার ভারি ভারি কাজ। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আর্থিক লোভ দেখিয়ে এমন কঠিন ও ভারি কাজে বাধ্য করছে ইট ভাটার মালিকসহ সংশ্লিষ্টরা। এতে করে একদিকে যেমন ব্যহত হচ্ছে তাদের মেধা বিকাশ ও শিক্ষা কার্যক্রম অন্যদিকে শিশু শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই আইনকে অমান্য করা হচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয় অবিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিদের উদ্বেগ আর দু:চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। কোমলমতি এই শিশুদের ভবিষ্যত নিয়ে সংকিত তারা। ভাঁটা মালিকদের সেচ্ছাচারিতা, প্রশাসনের নমনিয়তা আর নজরদারীকেই দায়ী করছেন তারা।
উপজেলায় ২১ টি ইটভাটার মধ্যে প্রায় অধিকাংশ ইট ভাটার কার্যক্রম চলমান রয়েছে। চলমান ইট ভাটাগুলোর মধ্যে অধিকাংশ ইটভাটাতেই দক্ষ ও প্রাপ্তবয়স্ক শ্রমিকের জায়গায় কোমলমতি শিশুদের ব্যবহার করে সেই জটিল ও কঠিন কাজ করানো হচ্ছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবস্থিত আরবিএল ইটভাটায় গিয়ে দেখা যায় সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পড়-য়া প্রায় ১২ জন কোমলমতি শিশু ইটভাটায় ইট বানানো কাজে ব্যস্ত। ইট বানানোর কাজে ব্যস্ত পারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়-য়া ৫ম শ্রেণীর শিক্ষার্থী বুলবুল ও মেহেদীর সাথে কথা হলে তারা বলে, টাকার দরকার, তাই আইজ স্কুল যাই নাই। এটে আম করির আইসলে কিছু টাকা পাওয়া যায়।
সাংবাদিক দেখে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইটভাটায় কর্মরত একজন শ্রমিক বলেন, কয়লার দাম বেশী। তাছাড়া মানুষও পাওয়া যায় না।পাইষা বেশী চায়। এই জন্যে ছোট ছওযা কামোত নাগে দেয়।পাচ শো টাকার কাম এক ডেরশো তে হয়া যায়।
আরবিএল ইটভাটার ভাটার ম্যানেজার আখতারুজ্জামান সাংবাদিক দেখে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত কন্ঠে বলেন, যান সরকারকে বলেন এই বাচ্চাদের সংসারের দায়িত্ব নিতে।তাদের খরচ চালাতে।আমরাই এদের দায়িত্ব নিয়েছি।আমাদের ভাটায় কাজ করে খাবে। এখানে কাজ করা টাকায় তাদের সংসারও চলবে।
মুঠোফোনে আরবিএল মালিক আজিজুলের সাথে শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর বিষয়ে জানতে চাইলে তিনিও ম্যানেজারের কথায় একমত পোষণ করেন।
আরবিএল ইটভাটার পাশেই অবস্থিত এইচবিএল নামক আরেকটি ইট ভাটায় গেলে সেখানেও দেখা যায় শিশুদের দিয়ে চলছে ইট তৈরির কার্যক্রম। অফিস কক্ষে তালা দেওয়া থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এর আগে বুধবার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ধারে অবস্থিত এন.এস.বি ইট ভাটায় গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন শিশু শ্রমিক ঠেলাগাড়ি করে ইট তৈরির মাটি সরবরাহ করছে। ম্যানেজারের সাথে কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে সেখান থেকে সটকে পড়েন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীনের সাথে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। খুঁদে বার্তা পাঠানো হলেও তিনি কোন সাড়া না দেওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, ইট ভাটায় শিশু শ্রমের বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। তবে আপনি যেহেতু বললেন, আমরা বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।