করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে বন্ধের প্রথম দিনে রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালাতে দেখা গেছে।
সরেজমিনে শনিবার দুপুর সাড়ে ১২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা জটলা করে বিদ্যালয়ের বারান্দায় গল্প গুজব করছে। কয়েক জন শিক্ষার্থীকে দেখা যায় মাঠে চেয়ার টেবিল নিয়ে অবস্থানরত কয়েকজন শিক্ষকের কাছ থেকে ফরম সংগ্রহ করছে। জিজ্ঞেস করলে জানা যায়, ইউনিক আইডি প্রদানের লক্ষে ফরম দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। কারও কারও কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বাৎসরিক সেশন ফি এর ৫০০ টাকা।
আজ (২২ জানুয়ারি) থেকে সরকার বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন এরপরেও বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাসেম আলী বলেন, ইউনিক আইডির ফরম সংগ্রহ করতে শিক্ষার্থীদের আসতে বলা হয়েছে। মন্ত্রণালয় ইউনিক আইডির কার্যক্রমের নির্ধারিত সময় বেধে দেওয়ায় উপজেলা মাধ্যমিক অফিস থেকে অনুমতি নিয়ে আজকের এই কার্যক্রম চালানো হচ্ছে।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম মুঠোফোনে বলেন, আমি প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলে দিয়েছি যেহেতু সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তাই বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে এই কার্যক্রম চালানোর বিষয়ে কোন কথা হয়নি।