যশোরের সীমান্ত এলাকা হতে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকা- রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ জানুয়ারি ২০২২ তারিখ বেনাপোল কোম্পানি সদরের কর্মরত সুবেদার মোঃ আকবর আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে আনুমানিক ০৪০০ ঘটিকায় কতিপয় চোরাকারবারী ভারত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবির বিশেষ টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ মধ্যপাড়া মসজিদের পাশের ওই মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল হতে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১১,৯৫,২০০/- (এগার লক্ষ পঁচানব্বই হাজার দুইশত) টাকা।