বাগেরহাটের শরণখোলা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের ভবনটি জরাজীর্ণ হয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ঘটকে পারে দূর্ঘটনা। কয়েকদিন আগে অফিস চলাকালে সেবাগ্রহীতাদের সামনেই ছাঁদ থেকে বিশাল একটি অংশ ভেঙে এজলাসে পড়ে। জীবনের ঝুকি নিয়ে কর্মকর্তা ও কর্মচারিরা অফিস করছে এ ভবনে। দ্রুত ভবন নির্মাণ না হলে এলাকার হাজার হাজার দলিল, নথিপত্র ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নতুন ভবন নির্মাণ অথবা অন্য কোন ভাড়া বাড়িতে অফিস স্থানান্তরের দাবি জানিয়ে দেড় বছর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করা হয়েছিল। কিন্তু কোন ফল হয়নি।
সামান্য বৃষ্টি হলেই ছাঁদ চুয়ে পানি পড়ে। রেকর্ড রুমসহ অফিসের মধ্যে পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজপত্র। এছাড়া, পুরো ভবনের দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। দরজা-জানালার অবস্থাও দুর্বল। অবহেলিত ও অরক্ষিত অবস্থায় রয়েছে রাস্ট্রের গুরুত্বপূর্ণ এই সরকারি অফিসটি।
খোঁজ নিয়ে জানা গেছে, তৎতকালিন জাতীয় পার্টি (এরশাদ) সরকারের আমলে ১৯৮৪ সালে আদালত ভবন হিসেবে নির্মিত হয় এই ভনটি। উপজেলা পরিষদ চালু হওয়ার পর ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা হতো এই ভবনে। পরবর্তীতে সেই আদালত ভবনের এক পাশের ৫টি কক্ষ সাবরেজিস্ট্রি অফিস হিসেবে পরিচালিত হয়ে আসছে। অন্য পাশের ৫টি কক্ষে রয়েছে সেটেলমেন্ট অফিস। ৩৯ বছর আগে নির্মাণ হওয়া এ ভবনে এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সংস্কার বা আধুনিকায়ন না হওয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ভবনটি।
সরেজিমন সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, পুরো ভবনটিই জরাজীর্ণ। ছাঁদ ও দেয়ালে বট গাছসহ অন্যান্য আগাছা জন্মেছে। দরজা-জানালা ভাঙাচোরা ও দেয়ালে ফাটল। এজলাস কক্ষের ছাঁদ ও বিম থেকে পলেস্তরার বড় বড় অংশ খসে রড বের হয়ে গেছে। ছাঁদ চুয়ে পানি পড়ায় রেকর্ড রুমের দলিল পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। অফিস কক্ষেও গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র ঢাকা রয়েছে। এজলাস কক্ষে ফ্যান ঝোলানো রয়েছে ঝুঁকিপূর্ণ একটি রডের সঙ্গে। টয়লেটের অবস্থাও খুব খারাপ। তার মধ্যেই কাজ করছেন অফিসের লোকজন।
অফিস সহকারী মো. আবদুল লতিফ বলেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে ধসে পড়বে এটি। অফিস চলাকালে ছাদের পলেস্তরা খসে পড়ে। বৃষ্টির সময়তো বসাই যায় না। তার মধ্যে আমরা ১৮-১৯ জন স্টাফ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দলিল রেজিস্ট্রি হয়। তখন লোকজনের চাপ বেশি থাকে। জায়গা সংকটের কারণে দাপ্তরিক কাজও ব্যাহত হয়। তাই সরকারের কাছে রেজিস্ট্রি অফিসের জন্য নতুন ভবনের দাবি জানাই।
শরণখোলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মোঃ জালাল আহমেদ রুমি বলেন, রেজিস্ট্রি অফিসে ঢুকলে আমরা আতঙ্কে থাকি। কখন ছাঁদ ভেঙে মাথায় পড়ে। ভবনের যা অবস্থা, দেখে কোনো অফিস মনে হয় না। এটি যেনো একটি ভুতুড়ে বাড়ি। এর মধ্যে দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা নিরাপদ নয়। দ্রুত ভবন নির্মাণ না হলে এলাকার হাজার হাজার দলিল, নথিপত্র ধ্বংস হয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা সিনিয়র দলিল লেখক মোঃ এমদাদুল হক বলেন ২০১৭ সালের শুরুর দিকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শণে এসে অফিসের জীর্ণদশা দেখে উদ্বেগ প্রকাশ করে অফিস ভবন ঝুকিপূর্ণ বলে মত প্রকাশ করেন।
উপজেলা সাবরেজিস্ট্রার মো. আবু রায়হান এ প্রতিনিধিকে বলেন, ঝুকিপূর্ণ এ ভবন থেকে কয়েকদিন আগে অফিস চলাকালে সেবাগ্রহীতাদের সামনেই ছাঁদ থেকে বিশাল একটি অংশ ভেঙে এজলাসে পড়ে। অল্পের জন্য আমার মাথায় পড়েনি। এভাবে মাঝে মধ্যে ছাঁদ ভেঙে ভেঙে পড়ছে। দলিলপত্র সংরক্ষণের জন্য নিরাপদ কক্ষ নেই। রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নতুন ভবন নির্মাণ অথবা অন্য কোন স্থানে অফিস স্থানান্তরের দাবি জানান।