খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ ডিসেম্বর) রাত ১২-৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, মোহাম্মদ সালাহউদ্দিন ও আবদুল গফুর। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাটি এলাকার হাকিমপুর মাদরাসার ছাত্র। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতরা জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে রাতে তাদের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা করেন এবং পথিমধ্যে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানা গেছে।