মণিরামপুরে এক অসহায় বিধবা নারী জমি খরিদ করে তা ভোগদখল নিতে চরম বিপাকে পড়েছেন। ভুক্তভোগী নারী ন্যায় বিচার চেয়ে দু’মাস পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেও অদ্যবদি কোন সুফল পাননি। বর্তমানে তিনি বিক্রেতাদের হুমকিতে বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মুন্সিখানপুর গ্রামের শিরিনা আক্তার মুক্তি তার শরীক ওমর ফারুক-এর নিকট থেকে গত ১৭ জানুয়ারি দানপত্র মূলে ২২ শতক জমি খরিদ করেন। যার খতিয়ান নং- ৬২৭, দাগ নং- ৪৪৮, ১৭৯৯ ও ১৮১৫ এবং দলিল নং- ৭৮০। এই জমির মধ্যে শিরিনা আক্তার ১২ শতক জমি অন্যত্রে বিক্রয় করে দেন। কিন্তু অভিযোগ রয়েছে বিক্রেতা ওমর ফারুক তার বিক্রিত জমির খরিদকৃত মালিক শিরিনাকে ভোগদখল বুঝিয়ে দিতে বিভিন্ন ধরনের তালবাহানা করে চলেছেন। এমনকি শিরিনা ভোগ দখলে যাওয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হচ্ছে।
বিধবা শিরিনা নিরুপায় হয়ে ন্যায় বিচারের দাবীতে গত বছরের ৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের দুই মাস অতিবাহিত হলেও ভুক্তভোগী ওই নারী আবেদনের কোন সুফল পাননি। অভিযোগকারী শিরিনা আক্তার মুক্তি বর্তমানে বিবাদী ওমর ফারুকের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।