নাটোরের ১২০০ বস্তা সরকারি ডিএপি সার পাচারের সময় ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় বৃহসপতিবার মধ্যরাতে শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে তিনটি ট্রাক ভর্তি ১২০০ বস্তা ডিএপি সারসহ ৬জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নাটোর থেকে কয়েকটি ট্রাকে করে সরকারি সার বগুড়ার দিকে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বগুড়া জেলার বামিহাল গ্রামের গীন ফিল্ড এগ্রো লিমিটেড এর পাশে রানিহাট টু বগুড়াগামী পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট বসানো হয়। সেখান থেকে সারসহ ৬জনকে গ্রেফতারা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের ট্রাক চালক মোঃ সবুর হোসেন, মোঃ রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতি নগরের মো. তানবির হোসেন (২৩) এবং তাদের সহকারী মোঃ ইমরান হোসেন (২৩), মোঃ রাকিব হোসেন (১৯), ও মোঃ বিশু (২২)। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সার পাচারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে র্যাব বিষয়টি নিশ্চিত করেছেন।