দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় দুই ছিনতাইকারীসহ এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন পথচারী ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের মৃত পশুরাম শীলের ছেলে উত্তম কুমার শীল (৫৫) এবং ছিনতাইকারী ইব্রাহিম মন্ডল (৩০) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে ও ছিনতাইকারী শাওন মিঞা (২৪) একই জেলার পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলী ছেলে।
গত রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরএলাকার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়কে পথচারীর মোবাইল ফোন ছিনতাই ও সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। আহত তিনজনই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাসুদেবপুর বড়বন্দর গ্রামের মজনু রহমানের ছেলে মো. সৌরভ হোসেন ব্যাটারিচালিত রিকশাভ্যানে ঢাকা মোড় যাওয়ার পথে পৌরশহরের ফুলবাড়ী বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে দ্রুত বেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে আসেন ওই দুই ছিনতাইকারী। এ সময় রিকশাভ্যানে থাকা সৌরভের হাতের স্মার্ট মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী উত্তম কুমারকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই ছিনতাইকারী। স্থায়ীরা গুরুত্বর আহত অবস্থায় পথচারী উত্তম কুমারসহ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি থানার হেফাজতে দেয় স্থানীয়রা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে নিয়েছে। পথচারীসহ অভিযুক্তদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। ইতোপূর্বে ফুলবাড়ীতে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলোর সাথে ওই দুই যুবক জড়িত কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।