দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অটোরিকশাতেই কন্যাসন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার নামের এক প্রসূতি নারী। গত ২ জানুয়ারি রোববার আনুমানিক সকাল ১০ ঘটিকায় সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি ঘটে। তিনি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বারপাড়ার রাশেদুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১ জানুয়ারী শনিবার দিবাগত ভোর রাতেই কিছুটা প্রসবব্যাথা ওঠে অন্তঃসত্ত্বা গৃহিনী সালমা আক্তারের। সকাল থেকে প্রচন্ড ব্যাথা হলে অটোরিকশা করে রওনা দিয়েছিলেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছাতে খানিকটা দেরি হওয়ায় ভর্তির আগেই জরুরী বিভাগের সামনে অপেক্ষামান অটোরিকশাতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের পরপরই নাড়ি কাটার জন্য মা ও নবজাতককে দ্রুত ভর্তি করানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সাব্বির হায়দার জানান, কিছু রোগী অন্তিমকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। ওই প্রসূতি মাকে দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ্য রয়েছে।