সারাদেশে ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসন ও নির্বাচন অফিস যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছে। চলছে শেষ মুহুর্তের নজরদারি ও পরিকল্পনা। ইতোমধ্যে রিটার্নিং অফিসারগণ প্রিজাইডিং অফিসার সহ ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণও প্রদান করেছেন। অপরদিকে সকল প্রার্থী প্রকাশ্যে প্রচারণা না করলেও গোপনে বাড়ি বাড়ি পায়ে হেটে, মোবাইলে প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রচারণা বন্ধ হওয়ার সাথে সাথে শুরু হয়েছে টাকার ছড়াছড়ি। ভোট প্রতি ৮০০ হতে ১ হাজার টাকা করে দেয়া হচ্ছে। এ অবস্থায় প্রার্থীদের নির্বাচনী সাজানো মাঠ ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আওয়ামীলীগ। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাগণ সরকার ক্ষমতায় আসার পর থেকে ওয়ার্ড পর্যায়ের কর্মীগণের সাথে পারস্পারিক যোগাযোগ না রাখায়, কাউকে গুরুত্ব না দেয়ায় নিজেদের গ্রুপিং, দ্বন্দ্ব, চরম অবমুল্যায়নসহ বিভিন্ন কারণে মাঠ পর্যায়ের কর্মীগণ ক্ষুদ্ধ হয়ে আছেন। এমন কিছু কারণে আওয়ামী লীগ কর্মীগণ নৌকায় ভোট দিবে না এমনটাই জানা গেছে। দলীয় প্রার্থীর পক্ষে না থাকলে দল থেকে বহিস্কারের হুমকী, মামলায় ফেলানোর হুমকীসহ বিভিন্ন বিষয়ে নেতাকর্মী অনেকটা নাখোশ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে থাকলেও ভোট নিজের পছন্দ মাফিক দিবেন এমনটাই জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ কর্মী জানান, প্রকাশ্যে তারা নৌকার পক্ষে থাকলেও ভোটটি অন্য মার্কায় দিবেন। তবে জাতীয় ভোট নৌকায় দিবেন। অন্য আরো কয়েকজন জানান, দলও দেখেনি, চেয়ারম্যান, মেম্বারও দেখেনি, বর্তমানে যে টাকা বেশি দিবে, তাকেই ভোট দিবেন। এটাই লাভ।
অপরদিকে আগ্রহী নৌকা বঞ্চিত প্রার্থীরাও কৌশল কাজ করছেন,যাতে করে নৌকা প্রার্থী হেরে গেলে পরেরবার তিনি মনোনয়নের দাবি করতে পারবেন। এছাড়াও নৌকা মার্কা প্রার্থীর বেশকিছু চোখে পড়ার মত সমস্যা সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীর বাইরে অন্য দলের বন্ধু বান্ধবকেও কাজে লাগাতে পারছে না দলীয় লোকজনের ভয়ে। যে দলীয় কর্মী নিশ্চিত গোপনে বিরোধিতা করছে,তারপরও তাকে কর্মী থেকে বাদ দেয়ার সুযোগ নাই। এমন অবস্থায় অনেকটা বেকায়দায় পড়েছে প্রতিটি ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থীরা। কিছু বলিষ্ঠ কর্মী ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকায় অভিজ্ঞ কর্মী সংকটে পড়েছে আওয়ামীলীগ।
নির্বাচনী পরিকল্পনায় ও প্রচারণায় অভিজ্ঞ মোঃ আকতার হোসেন, মমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক আফছার আলী খানসহ কয়েক ব্যাক্তি জানান, প্রার্থীর চরিত্র, বিনয়ী, চালচলন, আচার ব্যবহার, ভাষার প্রয়োগ, ম্যানেজ দক্ষতা, ন¤্রতা, সততা, ব্যাক্তিত্ব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মিশুকতা ইত্যাদি নির্বাচনী মাঠে ঔষধের মত কাজ করে। যে প্রার্থীর যত বেশি গুন থাকবে, শেষ মুহুর্তে তার ভোট তত বাড়বে।
এ অবস্থায় কয়েকটি ইউনিয়নে চরম বেকায়দায় পড়োছে আওয়ামীলীগ। ঘরের শত্রুকেও চিনতে পারছে না তারা। এজন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটা কঠিন হবে।
এছাড়াও নির্বাচনী পথসভাগুলো নৌকার প্রার্থীর পক্ষে কিছু বক্তা অপ্রাসঙ্গিক, অসংলগ্ন বিরোধপুর্ণ বক্তব্য রাখায় সাধারণ ভোটাররা অনেকটাই বিব্রত ও নাখোশ হয়ে পড়েছেন। ওই ভোট গুলি নৌকার বিপক্ষে যাবে এমনটাই অভিজ্ঞমহল মনে করছেন।