ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জোহারা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে পৌরশহরের শান্তিনগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জোহারা খাতুন শান্তিনগর গ্রামের মৃত রশিদ খাঁর স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই রশিদ খাঁর পরিবারের সাথে বাড়ির সীমানা ও জমি নিয়ে তার প্রতিবেশী আত্মীয় ফজল খাঁর সাথে বিরোধ চলছিল। সম্প্রতি আদালতের রায়ে বাড়ির জায়গা দখলে নিয়ে রশিদ খার ছেলেরা সীমানা প্রাচীর দেয়। এরই জের ধরে রোববার দুপুরে রশিদ খাঁর পরিবারের উপর হামলা চালনো হয়।
বৃদ্ধার ছেলে ছেলে জাহাঙ্গীর খাঁ জানান, জমি নিয়ে বিরোধে ফজল খাঁ, তার ছেলে মাসুম খাঁ ও ইয়াছিন খাঁসহ আরো কয়েকজন বাড়িতে হামলা চালায় এবং ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাকে কুপিয়ে জখম করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জান্নাত হোসেন ঈশান জানান, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। চাচাতো নাতিসহ অন্যরা এ হামলা চালায় বলে বৃদ্ধার পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।