আর মাত্র ৩’দিন পরেই ৫ জানুয়ারী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। গতানুগতিক প্রচারের সাথে এবার যুক্ত হয়েছে নানা কৌশল। মাইকিং, পোস্টার, লিফলেট ও পথসভা চলছে। প্রার্থীরা ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের সাথে যুক্ত হচ্ছেন। ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে প্রায় সব প্রার্থীর প্রচারেই যুক্ত হয়েছে 'নির্বাচনী গান'। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮/৯ টা পর্যন্ত রিকশা-অটোরিকশায় মাইক বেঁধে বাজছে এসব গান। নির্বাচনী গানে আর কবিতার ছন্দে প্রচারণায় ভিন্নমাত্রা যোগ হয়েছে। কেউ কেউ নিজেই ভোট চাইছেন আবার কারো রেকর্ড করা ক্যাসেট বাজানো হচ্ছে। চেয়ারম্যান-সদস্যরা কে কার চেয়ে ভালো আর সুর দিয়ে প্রচারণা করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তার প্রতিযোগিতা চলছে। নারী-পুরুষের যুগল কন্ঠে প্রার্থীর গুণগান করে কথাবার্তা রেকর্ড করে প্রচারণা চালানো হচ্ছে। প্রার্থীরা নিজেদের মতো করে নির্বাচনী গান তৈরি করেছেন। রেকর্ড করা গান বাজিয়ে ও প্রার্থীকে নিয়ে গান গেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও নারী সদস্য প্রার্থীদের নামেও ওয়ার্ডে ওয়ার্ডে নানা গান বাজছে। পাড়া-মহল্লা ও অলিগলিসহ প্রার্থীদের নির্বাচনী অফিসে এসব গান বাজানো হচ্ছে। গান শুনতে ভিড় করছে উৎসুক জনতা। এতে বিনোদন পাচ্ছেন কর্মী-ভোটার সবাই। বিভিন্ন এলাকার অলিগলিতে এক প্রার্থীর মাইক বের হতে না হতেই আরেক প্রার্থীর মাইকের শব্দে কাঁপছে এলাকা।
এছাড়াও তীব্র শীতকে উপেক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রার্থী ও তার সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের বাড়িতে গিয়ে প্রার্থী ও তার সমর্থকরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। সব প্রার্থীই সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পছন্দের প্রতীক মনমতো বেছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের নিকট জয়ের জন্য চাইছেন দো’আ। চলছে বিরামহীন প্রচারণা। চারিদিকে এখন নির্বাচনী প্রচারণার উৎসবে মুখরিত।
উপজেলার ১২টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে, স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী। আগামী ৫ জানুয়ারি চিরিরবন্দরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বিরামহীন প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ডকেন্দ্রিক। তারা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। লিফলেট বিলি ও হ্যান্ড মাইকে প্রচারণা, প্রার্থী ও প্রার্থীদের পক্ষে রাজনৈতিক নেতাদের প্রচারণায় এখন সরগরম পুরো উপজেলা। অলি-গলি ছেয়ে গেছে পোস্টারে। রশিতে বাঁধা পোস্টার-প্রতীক ঝুলছে সর্বত্র। নির্বাচনী ক্যাম্পে চলছে আড্ডা। উপজেলার সচেতন মহল মনে করছেন, আগামী ৫ জানুয়ারি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থীর প্রতীক দেখে নয় প্রার্থীর যোগ্যতা, মিশুকতা, গ্রহনযোগ্যতা ,শিক্ষা-দীক্ষা, আচার ব্যবহার ও এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন।