পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মির্জাপুর ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ও মির্জাপুর গ্রামের মোঃ আঃ লতিফের মেয়ে (১৮) বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চাটমোহর থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতর দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৪),খ/৩৪ ধারায় মামলা করেন। মামলা নং ১০। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মির্জাপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আলহাজ আলী (৩০) কে আটক করেছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে,ওই কলেজছাত্রী গত ২০ ডিসেম্বর রাত ১০টার দিকে নিজের ঘরে পড়ালেখা করছিলেন। তার নানী ও দাদী তার পাশের বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় মির্জাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সরোয়ার হোসেন (৩০) ও তার ৩ সহযোগি একই গ্রামের আলহাজ আলী (৩০),মোঃ রঞ্জু (২৮) ও আইনুল হক (৩৫) ঘরে প্রবেশ করে। সরোয়ার কলেজছাত্রীকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে কলেজছাত্রীর নানী ও দাদীর ঘুম ভেঙে গেলে চিৎকার শুরু করে। অবস্থা বেগতিক দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়।
কলেজছাত্রী ও তার পিতা জানান,বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যের জানানো হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোন প্রতিকার না পেয়ে ওই কলেজছাত্রী বুধবার থানায় এসে অভিযোগ দায়ের করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যান্যের গ্রেফতারের চেষ্টা চলছে।