একদিন পরেই আসছে নতুন বছর। নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পাবে চাটমোহরের দেড় লাখ শিক্ষার্থী। করোনাকালে বই উৎসব না হলেও স্কুলে স্কুলে শিক্ষকেরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন নতুন বই। ইতোমধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে নতুন বই। বিতরণের প্রস্তুতিও শেষ পর্যায়ে।
তবে প্রাক প্রাথমিকে এখনো বই আসেনি। এসেছে কেবল অনুশীলন খাতা। প্রাক প্রাথমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭০০ জন। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে চাহিদা মোতাবেক ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার ২৫০টি বই পাওয়া গেছে।
এদিকে এবতেদায়ী,দাখিল ও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী বই এখনো পাওয়া যায়নি। এবতেদায়ী পর্যায়ে চাহিদা ছিল ৬৯ হাজার ৯৫০টি,পাওয়া গেছে ৪৩ হাজার ৮৩২টি,দাখিল পর্যায়ের ৩০টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ১ লাখ ২২৮টি,পাওয়া গেছে ৮০ হাজার ২৮টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪০টি স্কুলের শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ৩ লাখ ৪৮ হাজার ২১৬টি,পাওয়া গেছে ২ লাখ ৪৩ হাজার ৭২৫টি বই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাহবুবুর রহমান বলেন,করোনার কারণে এবার বই উৎসব হবে না। স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনেই পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী বলেন,মাধ্যমিক পর্যায়ে বই উৎসব হবেনা। তারা শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দিবেন। যে বই এসেছে,তা বিতরণ করা হবে। বাকি বইগুলো চলে আসলে সেগুলো স্কুলে স্কুলে পাঠানো হবে।