বগুড়ার সারিয়াকান্দির ভেলাবাড়ীর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য হতে চান কৃষক মোঃ আবদুর রাজ্জাক প্রামানিক। এজন্য বুধবার দুপুরে সারিয়াকান্দি নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র তোলার পর তিনি বলেন, ইউপি সদস্য হয়ে অনেকেই সাধারণ মানুষের সেবা করেননা। বিশেষ করে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধি, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন রকমের ভাতা প্রদানে অনিয়ম করে থাকেন। কেউ কেউ এসব ভাতা প্রদানের ক্ষেত্রে গরীব অসহায় লোকদের কাছ থেকে সম্মানজনক কথাতো বলেন না বরং তাদেরকে হয়রানি, দুর্ভোগ, কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে ওইসব ভাতা কার্ড করে দেন। ভোট নিয়ে সাধারণ মানুষের সাথে সু-সম্পর্ক রাখতে অনিহা দেখান। আমি ভোটে নির্বাচিত হয়ে সবাইকে সাথে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই। আবদুর রাজ্জাক পেশায় একজন কৃষক। সে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিম নতুন পাড়া গ্রামের মৃত: রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে।