পাবনার চাটমোহর উপজেলার বহুল আলোচিত বিলকুড়ালিয়ার খাসজমির বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের জমির খারিজ সম্পাদন ও বন্দোবস্তের প্রক্রিয়াধীন খাসজমি দ্রুত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া এবং সমবায় আইন বাস্তবায়নের দাবিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এই সমাবেশের আয়োজন করে। এএলআরডি’র সহোযোগিতায় অনুষ্ঠিত ভূমিহীন সমাবেশে সভাপতিত্ব করেন এলডিও’র নির্বাহী পরিষদের সদস্য মোছাঃ সানোয়ারা বেগম। এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। প্রধান আলোচক ছিলেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ভূমিহীন নেতা ইসরাইল আলম,ভূমিহীন নেতা আনোয়ার হোসেন ভূমিহীন নেত্রী নিপা খাতুন প্রমুখ।
সমাবেশে ভূমিহীন নেতৃবৃন্দ অবিলম্বে বিলকুড়ালিয়ার বন্দোবস্ত দেওয়া খাসজমির খারিজ সম্পাদন ও বন্দোবস্তের জন্য মনোনীত ২৫০ জন ভূমিহীনকে দ্রুত বিলকুড়ালিয়ার খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। একই সাথে সমবায় আইন বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।