পাবনার সুজানগরের কুড়িপাড়া মৌজায় অবস্থিত প্রায় ২একর জমি প্রভাবশালী এক ব্যক্তি জোরপূর্বক দখল করে পেঁয়াজ আবাদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার হেমরাজপুর গ্রামের হাবিবুর রহমান হাবিব ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার তারাবাড়ীয়া গ্রামের প্রভাবশালী ফইমুদ্দিন শেখ ও তার ভাই নইমুদ্দিন শেখ গত ২/৩ মাস আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নেন। সেই সঙ্গে তারা ইতঃপূর্বে জমির কিছু অংশে গম এবং বর্তমানে কিছু অংশে পেঁয়াজ রোপণ করছে। পাশাপাশি তারা ওই জমি দখল করতে গেলে ওই হাবিবকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ থেকে জানা যায়। এ ব্যাপারে জানতে ওই ফইমুদ্দিন শেখকে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়েছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।