নাটোরের বড়াইগ্রামে বড়দিনে তিন খ্রীস্টান বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার আশরাফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আশরাফুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামের একাব্বর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বড়দিনের সন্ধ্যায় আশরাফুল ইসলামসহ তার দুই সহযোগী জোনাইল ইউনিয়নের ছিটকিগাড়ি গ্রামের প্রশান্ত রোজারিও'র বাড়িতে যায়। সেখানে তারা বাড়ির লোকজনের কাছে নগদ টাকা ও মদ দাবি করে। কিন্তু তারা এগুলো দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তার সহযোগীরা বাড়িতে ভাঙচুর চালায়। একই সাথে তারা পাশের ডাবলু রোজারিও ও ইলিয়াস পালমার বাড়িতেও ভাংচুর করে। পরে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে তারা সটকে পড়ে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।