বগুড়ার সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়ন থেকে আসাদুজ্জামান আসাদ (২৬) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে বড়কুতুবপুর উত্তরপাড়া গ্রামের মোতাহার হোসেন ওরফে মকবুল সাকিদারের ছেলে। শনিবার সকালে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছিলেন। রোববার সকালে তাকে কোর্টের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে কাউছার ইসলাম (১৩) কে গত শুক্রবার জুমার নামাজের সময় কৌশলে মাইক্রোবাস যোগে একদল সন্ত্রাসী অপরহণ করে নিয়ে যায় গাবতলী উপজেলা পদ্মপাড়া গ্রাম এলাকায়। সন্ধার পর কিশোর কাউছার ইসলাম অপহরণকারীদের কাছ থেকে সু-কৌশলে সটকে পড়ে এবং চিৎকার করতে থাকে। কিশোর কাউছারের চিৎকারে পাশ্ববর্তী এলাকার লোকজন তাকে উদ্ধার করেন এবং অপহরণের সংগে জড়িত আসাদুজ্জামান আসাদকে আটক করেন। খবর পেয়ে কিশোর কাউছারকে বাবা-মা ও স্থানীয় মুরুব্বী রুমি খাঁ উদ্ধার করে তাকে বড়কুতুবপুর গ্রামে নিয়ে আসেন। কাউছার ইসলাম স্থানীয় কুতুবপুর উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। কিশোরের বাবা মহিদুল ইসলাম বলেন, ছেলেটি নিখোজ হওয়ার পর আমি হন্যে হয়ে খুজছিলাম, কোথাও পাইনি। শুক্রবার সন্ধার পর মোবাইল ফোনের মারফত খবর পেয়ে ছেলে কাওছারকে উদ্ধার করে নিয়ে আসি ও অপহরণের সাথে জড়িত আসাদকে আটক করা হয়। অপহৃত কিশোর কাউছার ইসলাম জানান, মাইক্রোবাসে ওই আসাদ ছাড়াও আরো তিনজন বোরখা পরিহিত ছিলো। শুক্রবার সন্ধার পর মাদক সেবনে দিশেহারা হয়ে পড়লে সে তাদের কাছ থেকে কৌশলে সটকে পড়ে। স্থানীয় রুমি খাঁ, আবদুল ওয়ারেছ ও শাহীন খাঁ বলেন, আটককৃত আসাদুজ্জামান আসাদ মাদক মামলার আসামী। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসীসহ সে সকল ধরনের অপরাধের সাথে জড়িত। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। কুতুবপুর গ্রামের আয়েশা আকতার শিল্পী সন্ত্রাসী আসাদকে আটক করার খবর পেয়ে থানায় আসেন। এ সময় তিনি থানা চত্ত্বরে সাংবাদিকদের বলেন, গত জুন মাসের ২ তারিখে ডিগ্রীতে পড়-য়া আমার ছেলে আশিকুর রহমান শুভ নিখোঁজ হয়। এ ঘটনায় আসাদুজ্জমান আসাদ জড়িত থাকতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস.আই) রুবেল বলেন, এ ব্যাপারে আসাদের নাম উল্লেখ করে আর অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে গ্রোপ্তারকৃত আসামি আসাদকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, তবে এর আগে তাকে কোর্টে তোলার পর ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রোববার রিমান্ডের শুনানী হয়নি, তবে আগামী ২১ তারিখ মঙ্গলবার শুনানীর দিন ধার্য করা হয়েছে।