যশোরের ঝিকরগাছায় শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটা যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আটক হয়েছেন ১ জন।
এলাকাবাসী এবং থানার দারোগা তারেক নাহিয়ান জানিয়েছেন, এদিন সকালে ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামের দুই ভাই মান্নান এবং হাকিম জমি জমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে মান্নান এবং তার ছেলে আলম মেহগনির ডাল দিয়ে আবদুল হাকিমের ছেলে জুয়েলের (২৫) মাথায় আঘাত করেন। এতে জুয়েলকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নেয়ার পথে জুয়েল সন্ধ্যায় মারা যান। থানার ওসি সুমন ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার দুপুরে লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। নিহতের পিতা আবদুল মান্নান বাদী হয়ে ঝিকরগাছা থানায় করেছেন। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। পুলিশ হাড়িয়া দেয়াড়া গ্রামের শফিউর রহমান (৫৫) শফিকে আটক করেছেন।