যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালিত হয়।
আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়।