নীলফামারীতে সহকারী কমিশনার (ভুমি) অফিসের নামে জাল ও ভুয়া কাগজ সৃষ্টি করে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সহায়তায় জাল দলিল সৃষ্টির অভিযোগ উঠেছে। এ নিয়ে সরকারের অতীব গুরুত্বপুর্ন একাধিক অফিসের এহেন দায়িত্বহীনতাকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে জন প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে ঘিরে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে। এ নিয়ে ভুক্তভোগী জেলা রেজিষ্টার বরাবর অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা অভিযোগে জানা যায়, জেলার জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের জনৈক এনামুল হক ০৯/১২/১৯৮৭ ইং ও সালেহা বেগম ২২/০১/১৯৯১ ইং সালে পার্শ^বর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের রাজকান্ত বস্য এর কাছ থেকে জলঢাকা উপজেলা শহরের প্রানকেন্দ্রে ০৯ শতাংশ জমি ক্রয়ের পর থেকে বাড়ী নির্মান করে বসবাস করে আসছেন। এনামুল হকের সেই বসতবাড়ীর দিকে লোলুপ দৃষ্টি পরে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ঘোড়ামারা গ্রামের রফিকুল ইসলামর ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু রিয়াসুজ্জামান নান্না’র। তিনি দীর্ঘদিন ধরে নানা ছলাকলায় বসত বাড়িটি দখলের নানাবিধ চেষ্টা করার পর বারবার ব্যার্থ হয়ে সর্বশেষ জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের নামে ভুমিদস্যু রিয়াসুজ্জামান নান্না জাল ও ভুয়া কাগজ সৃষ্টি করেন। জাল ও ভুয়া কাগজ সৃষ্টির পর তিনি জলঢাকা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রমজান আলী’র সহায়তায় জনৈক মনিশ চন্দ্র নামের এক ব্যাক্তিকে দাতা সাজিয়ে গত ১৫/১১/২০২১ ইং তারিখে একটি ভুয়া দলিল সৃষ্টি করেন। ভুয়া দলিল সৃষ্টির পর হতে ভুমিদস্যু রিয়াসুজ্জামান নান্না’র বাড়ীর মালিক এনামুল হক ও তার পরিবারকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছেন। অসহায় পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ নিয়ে তারা সরকারের যথাযথ কতৃপক্ষের কাছে সহায়তা কামনা করছেন। এ ব্যাপারে দলিল লেখক রমজান আলী’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য জানা যায় নি। এ ব্যাপারে দলিল গ্রহীতা রিয়াসুজ্জামান নান্না তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করলেও জলঢাকা উপজেলা সাব-রেজিষ্ট্রার মণীষা রায় সাংবাদিকদের কাছে কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি।