খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলার মানিকতলা, বোয়ালিয়ার মোড়, গদাইপুর ও নতুন বাজারে পাখি শিকার রোধে লিফলেট বিতরণ করা করা হয়েছে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পরিবেশ কর্মী কওছার আলী, লিটন গাজী, পঞ্চানন সরকার, সুশান্ত বিশ্বাস, অসিম সরকার, সমিরণ কুমার ঢালী, এমএমএ বারিক, রোজী সিদ্দিকী, হাসনা খাতুন, সুমাইয়া, নাহার ইসলাম, লিয়াকত আলী, অভিজিৎ রায় ও শাহিনুর রহমান প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শাস্তির বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা।