নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ কাপাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সদস্যরা। এমন পরিস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থীর দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগত ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার ৮নং খেলনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সালামের পক্ষের কর্মী সমর্থকদের সাথে বাকবিতন্ডা হয়। ৮ ডিসেম্বর বিকেলে আবদুস সালামের কর্মী বিমল রায়কে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে আবারও পোস্টার লাগালাগি ও দুই পক্ষে গালাগালির একপর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হোসেনের কর্মী কোহিনুর বেগম আহত হন চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন জানান।
এদিকে বিদ্রোহী প্রার্থী আবদুস সালাম জানান, আমার পোস্টারের উপর আমার প্রতিপক্ষের লোকজন পোস্টার লাগাচ্ছিল, এ নিয়ে বকাবকি হয়েছে মাত্র, আর কোন মহিলাকে আমি মারার নির্দেশনা দেইনি, তারা উভয়ে আলাদা পক্ষ নিয়ে নিজেরাই বিবাদে জড়িয়েছে, যা আমি অবগত ছিলাম না।
ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’