বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের হরিনা গ্রামে ৭৯ বছর পর জমির মালিক দাবি করে আবুল হোসেন প্রামানিক ও তার শরীকরা। গত ২ ডিসেম্বর সকালে মালিক ও শরীকরা জমিতে গেলে মারপিট ও প্রাণ নাশের হুমকি দেয়। এ নিয়ে ৭ ডিসেম্বর সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর বুধবার সকালে জমির মালিক আবুল হোসেন ও তার শরীকরা জমিতে যান। ৭৯ বছর পর জমিতে যাওয়ার এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ফুলবাড়ী মৌজার সাবেক দাগ-৮৫৪৯ হাল দাগ-১২২৯৫ ও ১২২৯১ এর ৬২ শতক জমি দাদা তমিজ আকন্দ সাংসারিক প্রয়োজনে ১৪৯৯ টাকায় ১৩২৬ হতে ১৩৪৯ সাল অর্থাৎ ২৪ বছর মেয়াদী খায়খালাসী দেন। মেয়াদের সময় শেষ হলে জমি ফেরৎ দেওয়ার কথা থাকলেও তারা তা দেননি। ১৩৪৯ বাংলা সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ ৭৯ বছর বিবাদীগণ গাবতলী উপজেলার শালুকগাড়ী গ্রামের রাজু আহম্মেদ, আবদুর রশিদ ফকির, ফরুক ফকির, রফিকুল ইসলাম জোড় পূর্বক অন্যায় ভাবে ভোগ-দখল করে আসছেন। এ নিয়ে তমিজ আকন্দের নাতী আবুল হোসেন প্রামানিক ওই অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার সকালে প্রকৃত মালিক আবুল হোসেন ও তার শরিকরা জমির সকল কাগজপত্রাদী নিয়ে জমিতে যান। গত ২ ডিসেম্বর জমিতে যাওয়ার পর হুমকি-ধামকি দিলেও, বুধবার সকালে জমিতে যাওয়ার পর আর কেউ বাঁধা দেননি। আবুল হোসেন ও তার মা হাজেরা বেওয়া আনন্দ প্রকাশ করে বলেন, ৭৯ বছর পর হলেও আমাদের জমি আমরা ফেরৎ পেয়ে খুব ভালো লাগছে। এতে আমরা সবাই খুব আনন্দবোধ করছি।