বগুড়ার নন্দীগ্রাামে উপজেলায় চোলাই মদ উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে আদিবাসীদের সংর্ঘষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছে। থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। এজাহারভুক্ত আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় আদিবাসী পল্লীতে বিপুল পরিমান চোলাই মদ মজুদ ও কেনাবেচা চলছিল। গোপনে এমন সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল আদিবাসী নয়ন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এ সময় আদিবাসীরা ঘর তল্লাশী কালে পুলিশকে বাধা দেয়া হয়। একপর্যায়ে আদিবাসীরা ক্ষুদ্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয়। এ সময় আদিবাসী নারী-পুরুষ সক্সঘবদ্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আদিবাসী পল্লীর ৭-৮জন নারী-পুরুষ আহত হয়। এদিকে আদিবাসীদের হামলায় নন্দীগ্রাম থানার ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এসআই রেজাউল করিমকে গুরুতর অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৬ পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেখান থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় রাতেই নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ৬০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। এ ছাড়া চোলাই মদ উদ্ধার ঘটনায় একজনকে আসামি করে আরো একটি মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তবে মামলার পর থেকে এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে।
দাসগ্রামের আদিবাসী পল্লীর জাম্বু মাহাতো বলেন, আগামী শনিবার তার দুই মেয়ে পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ে। বিয়ে উপলক্ষে সামাজিক রীতি অনুযায়ী বর পক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরী করে রাখা হয়। তিনি অভিযোগ করে আরো বলেন, নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল আদিবাসীদের বাড়িতে হানা দিয়ে ঘরে ঘরে তল্লাসীর সময় নারী-পুরুষদের মারধর করেছে। এই পুলিশী হামলার আমরা প্রতিবাদ করছি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চোলাই মদ উদ্ধার করতে গেলে আদিবাসীরা পুলিশের উপর হামলা করে। এতে ৭ পুলিশ সদস্য আহত হন। তাদের হেফাজত থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।