যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে বিপক্ষে অভিযোগ করেছে আওয়ামী লীগের দুইটি অংশ। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে পরপর দুইটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই অভিযোগ করা হয়।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সেলিম রেজা পান্নুকে খুনি, সন্ত্রাসী চাঁদাবাজ আখ্যায়িত করে তার মনোনয়ন বাতিল দাবি করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের একটি পক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো ওয়াজেদ আলী মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে দাবিদার আবদুল মান্নান ভূইয়া। সংবাদ সন্মেলনে আসন্ন নির্বাচনে চাঁচড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, আনারুল করীম আনু, মোহাম্মদ কবিরুজ্জামান, শামীম রেজা, ফিরোজ কবীর পিকুল, মনজুরে মাহবুব, সাজ্জাদ হোসেন বাবু ও শেখ সাদিয়া মৌরীনের পক্ষে আবদুর রাজ্জাক ফুল।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নেরর ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে যে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হয় তাতে সেলিম রেজা পান্নুর নাম উল্লেখ ছিল না। অথচ কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। অথচ এই ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয় সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই প্রকাশ্য দিবালোকে চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাদির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নৌকা প্রতীক দেয়ার দাবি জানানো হয়।
অপরদিকে এ সংবাদ সম্মেলনের পর পরই চাঁচড়া ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী সেলিম রেজা পান্নুর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগের অপর পক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক দাবিদার মশিয়ার রহমান, সহসভাপতি আজাহার আলী মোল্লা, বজলুর রহমান, আবদুল আজিজ বিশ্বাস, ফিরোজ হোসেন, আবদুর রাজ্জাক, আবুল হোসেন, আবদুর রশিদ, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, আবদুল মাজেদ, কাজী বেদারুল কাদের স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম বুলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সেলিম রেজা পান্নু আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক। দলীয় সাংগাঠনিক কর্মকা- ও করোনাকালিন সময়ে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন। এখন একশ্রেণির ষড়যন্ত্রকারীরা তার মনোনয়ন ছিনিয়ে নিয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা পান্নুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ভাড়াটিয়া হিসাবে দলের মধ্যে ঢুকে আওয়ামী লীগ ও নৌকাকে ক্ষতি করছে।
এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগে যে মামলা হয়েছে তা একই ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলন থেকে এসব ষড়যন্ত্র পরিহার করে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহবান জানানো হয়।