যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নির্বাচনী মনোনয়ন বোর্ড আবারো মোস্তফা আনোয়ার পাশা জামালেকেই নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনি ২০ বছর ৮ মাস ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শনিবার বিকাল ৪টায় দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। আগামী বছর ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
২০০০ সালে ঝিকরগাছা পৌরসভা গঠিত হয়েছিল। ২০০১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা জামাল। এরপর সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। ২০০৬ সালে সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় মহামান্য হাইকোর্ট নির্বাচনী তফসিল ঘোষণা স্থগিত করেন। এরপর তিনি পাঁচ বছর মেয়াদী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ ২০ বছর ধরে। অবশেষে ২০ বছর ৯ মাস ১৪ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় গত ৩০ নভেম্বর।
আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রত্যাহারের তারিখ ২৭ ডিসেম্বর। ভোট গ্রহণ ২০২২ সালের ১৬ জানুয়ারি।