বগুড়ার গাবতলীতে বাড়ির সিমানা ঘেঁষে পুকুর খননে বাধাঁ দেয়ায় প্রান নাশসহ বিভিন্ন হুমকি প্রদান করা হয়েছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানাগেছে, গাবতলী উপজেলার নেপালতলী উচ্চবিদ্যালয়ের পিছনপাড়া গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে মোঃ সেলিম মিয়ার বাড়ি ঘেঁষে সীমানা সংলগ্ন, একই গ্রামের মৃত ভোলা প্রাং’র ছেলে মোঃ আলাল উদ্দীন তার জমিতে অসৎ উদ্দেশ্যে পুকুর খনন শুরু করেছে। পুকুর খননের ফলে বাদী সেলিম মিয়ার বসত বাড়িসহ অন্যান্য কয়েকটি বাড়ি ও ফসলী জমি পুকুরের গর্তে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় সেলিম মিয়াসহ কয়েকজন ২২ নভেম্বর পুকুর খননকারী আলাল উদ্দীনকে সীমানা ঘেঁষে পুকুর খনন করতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে উল্টো আলাল উদ্দীন, সেলিম মিয়াসহ সকলকে প্রাননাশসহ বিভিন্ন হুমকি প্রদান করে। পুকুর খনন বন্ধ করবে না বলেও দম্ভোক্তি দেখায়। শান্তি ভঙ্গের আশংকায় সেলিম মিয়া বাদী হয়ে ৩ ডিসেম্বর গাবতলী মডেল থানায়, আলাল উদ্দীনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় থানার এএসআই কাজেম উদ্দীন ঘটনার স্থান পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।