যশোর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের ঝালাইপট্টি, পোস্টঅফিসপাড়া ও টাউন হল ময়দানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২০), চুড়ামণকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আকিবুল ইসলাম (১৭), শহরের মুড়লি এলাকার সুফিয়ানের ছেলে রাব্বি (১৮), রূপদিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শামীম হোসেন (২২), ঝুমঝুমপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে রাসেল (১৭), চাঁচড়ার জাকির হোসেনের ছেলে জয় আহম্মেদ (১৭), ধর্মতলা এলাকার বাদল গোপালের ছেলে গোষ্ঠ গোপাল (২০), স্বপন সরদারের ছেলে সোহাগ সরদার (২১), আরএন রোড এলাকার শফি ড্রাইভারের ছেলে হ্যাপি (১৭), হামিদপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে টিটো (১৮)।
আহতদের মধ্যে রাসেল হোসেন, হ্যাপি, খায়রুল, টিটু ও আকিবুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর যশোর জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যশোর শহরের সিটিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় যশোর জেলা ও আট উপজেলার নেতারা অংশ নেন। সভায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জড়ো হন যুবলীগের পদপ্রত্যাশী সাবেক দুই ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন বিপুলের কর্মী-সমর্থকরা। একপর্যায়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১০ জন ছুরির আঘাতে আহত হন।