বাগেরহাটের চিতলমারীতে সুপারী পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় কিশোরের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাটরপাড়া গ্রামের দীনমজুর কবির হোসেন মোল্লার ছেলে মানিক মোল্লা (১৪) প্রতিবেশি টুলু বিশ্বসের বাগানে ১ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে সুপারী পাড়তে যায়। এ সময় কিশোর মানিক মোল্লা একটি গাছ থেকে অন্য একটি গাছে সুপারী পাড়তে গেলে গাছ ভেঙে সে পাশের একটি বাতরুমের পাকা ঢাকনার উপর পড়ে গিয়ে সঙ্গা হারায়। প্রতিবেশিরা দ্রুত তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য পলাশ তালুকদার জানান, কিশোর মানিক মোল্লা খুবই দরিদ্র পরিবারের সন্তান। অন্যের বাগানে সুপারী পেড়ে যেটা রোজগার হয় সেটা সংসার চালাতে মা-বাবার হাতে তুলে দেয়। শান্ত ও সৎ প্রকৃতির ছেলে ছিল মানিক। তার অকাল মৃত্যুতে আমরা সকলে শোকাহত।
সুপারী বাগান মালিক মোমিনুল হক টুলু বিশ্বাস মুঠোফোনে জানান বিষয়টি খুব দুঃখজনক। শান্ত প্রকৃতির ছেলেটা আমার কেয়ার টেকার সেলিম শেখের সাথে সকাল বেলা কথা বলে সুপারী পাড়তে গাছে ওঠে। দুর্ঘটনার পরে বিষয়টি আমি জানতে পারি মানিক মারা গেছে। সে গ্রামের বিভিন্ন লোকের নারকেল-সুপারী পেড়ে বেড়াতো। তার আকস্মিক মৃত্যুতে আমার পরিবারবর্গ গভীর ভাবে শোকাহত।
চিতলমারী থানার ওসি এইস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সুপারী পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে যাওয়ায় ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।