চলতি রবি মৌসুমে সুজানগরের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। আর সরিষার এই হলুদ ফুল দেখে কৃষকের মুখে ফুটেছে সংসারে সচ্ছলতা ফিরে পাওয়ার হাসি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে ৫‘শ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চলের জমিতেই আবাদ করা হয়েছে প্রায় দুই‘শ হেক্টর জমিতে। উপজেলার বড় থেকে শুরু করে প্রান্তিক কৃষকরা পর্যন্ত তাদের জমিতে সরিষা আবাদ করেছেন। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আজমল হোসেন বলেন বোরো ধান আবাদে প্রচুর খরচ হয়। কিন্তু খরচ অনুযায়ী তেমন লাভ হয়না। আর সেকারণে ওই খরচ পোষাতে বেশিরভাগ কৃষক সরিষা আবাদ করে থাকেন। উপজেলার মুরারীপুর গ্রামের কৃষক আবদুল আওয়াল বলেন হাট-বাজারে ধান বা অন্যান্য ফসলের চেয়ে সরিষার দাম ভাল। তাছাড়া সরিষা চাষে খরচও কম। সেকারণে উপজেলার অধিকাংশ কৃষক কম-বেশি সরিষা আবাদ করেন। ইতোমধ্যে সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে ফসলের মাঠ। আর ২০/২৫দিন পরেই কৃষকের ঘরে উঠবে নতুন সরিষা। তবে সরিষা ঘরে উঠতে দেরি থাকলেও সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। মাঠে সরিষা ফুলের পাপড়ি দেখে কৃষকের ধারণা বছর বাম্পার ফলন হবে। তাছাড়া বর্তমান আবহাওয়া সরিষা উৎপাদনের অনুকূলে। উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ প্রয়োগ করায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষা ভাল হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।