শ্যালো ইঞ্জিন দ্বারা স্থানীয়ভাবে তৈরি নসিমন ও করিমন গাড়ি অবৈধ। এসকল গাড়ির কোন বৈধ কাগজপত্র নেই। সংশ্লিষ্ট দপ্তরও এগুলোর অনুমোদন দেয়না। অথচ যাতায়াতের জন্য অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে এসকল গাড়ি। সড়ক,মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন,করিমন। ঘটছে অহরহ দূর্ঘটনা। অথচ এসকল অবৈধ নসিমন ও করিমন গাড়িই কোন কোন সময় বৈধ হয়ে যায়। জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে অকি জরুরী হয়ে পড়ে এসকল অবৈধ গাড়ি। শনিবারও (২৭ নভেম্বর) আকেবার বৈধতা পেয়েছিল এসকল গাড়ি। নির্বাচনের উপকরণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের পরিবহণের জন্য নসিমন ও করিমন গাড়িতেই ভরসা করতে হয়েছে স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে। পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। উপজেলার ১০৫টি ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা,পুলিশ ও আনসার সদস্য ও নির্বাচনী উপকরণ পাঠাতে ব্যবহার করা হয় শতাধিক নসিমন,করিমন গড়ি।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন জানালেন,আমরা তো গাড়ি পাচ্ছিলাম না। এসকল গাড়ি সবখানে চলছে। ফলে আমাদেরকেও এই গাড়ির উপর নির্ভর করতে হয়েছে। তিনি জানান,১০৫টি গাড়ি ব্যবহার করা হচ্ছে।