“নারীর প্রতি সহিংসতা বন্ধ কর,সম অধিকার নিশ্চিত কর”-এই শ্লে¬¬াগান সামনে রেখে ২৫ নভেম্বর হতে ১০ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবস পালনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখা সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলানায়তনে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।
লিখিত বক্তব্যে বলা হয়, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সমঅধিকার নিশ্চিত করতে হলে পুরুষতান্ত্রিকতা, ধর্মান্ধতা মৌলবাদ এবং বৈষম্যমূলক আইনের পরিবর্তন অত্যান্ত জরুরী। বিগত বছরের তুলনায় দলগত ধর্ষণ, পারিবারিক সহিংসতাসহ বৈবাহিক ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি সময়ে ধর্ষণের স্বীকার নারীর সাথে ধর্ষকের বিয়ের ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে যা নারীর মানবাধিকার পরিপন্থি। এক সমীক্ষায় দেখা গেছে নির্যাতনের ঘটনায় মাত্র ২ভাগ নারী আইনের সহায়তা পাচ্ছে।
এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারীবান্ধব প্রশাসন, জেন্ডার সংবেদনশীল পাঠ্যসূচী প্রণয়ন এবং সংবিধানের নীতিমালাসহ, নারীবান্ধব জাতীয় আন্তর্জাতিক দলসমুহের বাস্তবায়ন, সিডোও সংরক্ষিত ধারা সমুহের থেকে সংরক্ষণ তুলে নেওয়ার মধ্যে দিয়েই নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সমঅধিকার নিশ্চিত করতে হলে পুরুষতান্ত্রিকতা, ধর্মান্ধতা মৌলবাদ এবং বৈষম্যমূলক আইনের পরিবর্তন অত্যান্ত জরুরী।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নারী ও কন্যার প্রতি সহিংসতা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা করার মতো ঘটনা অব্যাহত ভাবে ঘটে চলেছে যা উদ্বেগ সৃষ্টি করছে। নভেম্বর’২০২০ হতে নভেম্বর’২০২১ এই সময়কালে দিনাজপুর জেলায় নারী ধর্ষণ মামলা হয়েছে-৩২৩টি, যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে-৭০৯টি, অপহরণ মামলা হয়েছে-১৭৯টি এবং অন্যান্য মামলা হয়েছে-১০৬টি।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে দিনাজপুর মহিলা পরিষদ পর্যায়ক্রমে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে তরুনীদের সাথে সচেতনতা বৃদ্ধিমূলক সভা, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সহ-সভাপতি মাহাবুবা খাতুন, মিনতি ঘোষ, সুমিত্রা বেসরা, অর্থ সম্পাদক রত্মা মিত্র, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, সদস্য রোকসানা বিলকিস, রেহেনা বেগম, শুক্লা কুন্ডু, অনামিকা পান্ডে এবং জেলা কমিটি ও পাড়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।