পাবনার সুজানগরে বিভিন্ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও নার্সদের। প্রতিদিন প্রায় একহাজার এইচএসসি পরীক্ষার্থী করোনার টিকা নিচ্ছে। আর ওই সকল শিক্ষার্থীরা সকাল ৯/১০টার মধ্যে একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট টিকাদানকারী নার্সদের হিমশিম খেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান, আগামী ২ডিসেম্বর থেকে দেশব্যাপি শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের করোনা সংক্রমণরোধে পরীক্ষা শুরু হওয়ার আগেই করোনার প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেকারণে সোমবার থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। প্রথমদিন ৮২৭জন এবং মঙ্গলবার দ্বিতীয় দিন ৯২৩জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৩হাজার ৪২জন পরীক্ষার্থীকে ওই টিকা প্রদান করা হবে। তবে পরীক্ষার্থী একই সময় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হওয়ায় টিকা দিতে বেগ পেতে হচ্ছে বলে ডাঃ সেলিম মোরশেদ জানান।