আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এই ৮ টি ইউনিয়নের মধ্যে বড়ভিটা ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বেনজির আহমেদ কেন্দ্রে ব্যাপক কারচুপি ও হুমকি প্রদান করবে বলে আশঙ্কা করেছেন লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলার রহমানসহ অন্যান্য প্রার্থীরা। তাই আসন্ন ইউপি নির্বাচনে সুস্থ ভোট গ্রহনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীর দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তারা। এ ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, রংপুর রেঞ্জের ডিআইজি, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, জেলা নির্বাচন অফিসার, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ আট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে মোঃ ফজলার রহমানসহ অন্যান্য প্রার্থীরা বলেন, আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা,লাঙ্গল ও স্বতন্ত্র প্রতিক মিলে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ১১ জন। নির্বাচনের ভাবমুর্তি নষ্ট করতে নৌকা প্রতিকের প্রার্থী বেনজির আহমেদ তার নির্বাচনী পথসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন ধরনের হুমকী প্রদান করছেন। তিনি বলেন আমি একটি ভোট পেলেও চেয়ারম্যান নির্বাচিত হবো। এছাড়াও নির্বাচনের দিন অন্যান্য প্রার্থীদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সাধারণ ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভোটের দিন ব্যপক প্রাণনাশের আশঙ্কা করছেন। লিখিত অভিযোগে আরও বলা হয়, বিগত ১৯৮৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে বেনজির আহমেদ তার ভাতিজা নজরুল ইসলামের নির্বাচনে সীল মেরে ভোট ডাকাতি করেন। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করলে ওই ইউনিয়নে সুষ্ঠভাবে পূর্ণনির্বাচন অনুষ্ঠিত হয়।
তাই আগামী ২৮ নভেম্বর উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যাপ্ত মেজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ ও কঠোর নজরদারীর পাশাপাশি ভোট সেন্টারে ভোট গননা করে ফলাফল সেন্টারে প্রদান করার দাবি জানান তারা।