পাবনার সুজানগরে বিভিন্ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের প্রায় একহাজার এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়েছে। সোমবার প্রথমদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান, আগামী ২ডিসেম্বর থেকে দেশব্যাপি শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের করোনা সংক্রমণরোধে পরীক্ষা শুরু হওয়ার আগেই করোনার প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেমোতাবেক ওইদিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের প্রায় একহাজার পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশনকৃত আরো প্রায় আড়াই হাজার পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ ইকরাম হোসেন জানায়, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে করোনার টিকা নিয়েছি। মনের ভেতর এখন আর করোনা সংক্রমণের ভয় নেই। নির্ভয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা দিতে পারবো।