নওগাঁর মহাদেবপুরে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৩ জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চকগোবিন্দ উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোফাজ্জল হোসেন (৬০), তার ছেলে মেহেদী হাসান (৩০) ও মেয়ে কুলসুম আকতার (২৪)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।
হাসপাতালে ভর্তি মোফাজ্জল হোসেন অভিযোগ করেন যে, তাদের বাড়ি থেকে পাকা রাস্তার আসার জন্য চওড়া রাস্তা রয়েছে। রাস্তার সামনে একই গ্রামের বদিউজ্জামানের ছেলে নুরনবীর কিছু জমি রয়েছে যা দীর্ঘদিন ধরে রাস্তা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় নুরনবী সে জমি নিজের দখলে নেয়ার জন্য ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা প্রায় বন্ধ করে সেখানে ধানের খড় ফেলে রাখে। মোফাজ্জল এর প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষরা বাঁশ দিয়ে তাকে বেদম মারপিট করে। এতে তার মাথা কেটে যায়। তাকে বাঁচাতে গেলে মোফাজ্জলের ছেলে ও মেয়েকেও মারপিট করা হয়।
যোগাযোগ করা হলে প্রতিপক্ষ নুরনবীকে তার বাড়িতে পাওয়া যায়নি। মোবাইলফোনে তার স্ত্রী অভিযোগ অস্বীকার করেন।