আসন্ন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয়।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, উপজেলার দিলপাশার ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো, অষ্টমনিষা ইউনিয়নে-উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, খানমরিচ ইউনিয়নে- ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর-ঊন-নবী ম-ল দুলাল মাস্টার এবং পার-ভাঙ্গুড়া ইউনিয়নে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হেদায়তুল হক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন জানান, ইউপি নির্বাচনে অংশ নিতে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থধাপে ঘোষিত তফসিলে উপজেলার ৪ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ।