ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সাথে সাথে জমে উঠছে বেড়া পৌরসভা নির্বাচন। প্রচার প্রচারণায় মুখরিত হয়ে হয়ে উঠেছে বেড়া পৌরসভা। অলিতে গলিতে চলছে প্রচার প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। বেড়েছে ছাপাখানার ব্যস্ততা। ছাপাখানার কর্মীরা দিন রাত প্রার্থীদের পোষ্টার,ফেষ্টুন তৈরি করতে ব্যস্ত সময় পার করছে। প্রেস এলাকা ঘুরে দেখা গেছে, ভেতরে এবং বাইরে কাঠের ফ্রেম তৈরি করছে কর্মীরা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সেই সাথে চলছে মাইকিং। বিভিন্ন গানের সাথে, ছন্দের সাথে মিলিয়ে প্রার্থীর নির্বাচনী প্রতীকে ভোট প্রার্থনা করছে। উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের মুখে মুখে।
আগামী ২৮ নভেম্বর বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন এবং দশ ওয়ার্ডে অর্ধশতাধিক পুরুষ কাউন্সিলর এবং বারো জন সংরক্ষিত আসনে নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এ্যাড. আসিফ শামস রঞ্জন, আলহাজ¦ আবদুল বাতেন (নারিকেল গাছ), এস এম সাদিয়া আলম (মোবাইল), এ এইচ ফজলুর রহমান (রেল ইঞ্জিন) ও কে এম আব্দুল্লাহ (জগ)।