পরিবহণের বাইরে কিংবা ভেতরে সাধারণ যাত্রীরা যেন কোথাও নিরাপদ নেই। গণপরিবহনের চালক ও সহকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। একের পর এক বাস থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটছে। ২০১৮ সালের ২১ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে চিকিৎসা দেওয়ার বদলে নদীতে ফেলে দিয়েছিলেন একটি বাস কম্পানির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার। অথচ দুর্ঘটনায় আহত পায়েল তখনো জীবিত ছিলেন। পরে নদী থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এই মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন, ‘সড়ক দুর্ঘটনা দিন দিন হত্যা পর্যায়ে চলে যাচ্ছে, যা বলাটা বোধ হয় ভুল নয়।... রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদেরও পিষে দিতে দ্বিধান্বিত হচ্ছে না কিছু বাস ড্রাইভার।’ রাজধানী ঢাকায়ও সম্প্রতি বাস থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর প্রগতি সরণি থেকে মরিয়ম নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। একটি বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, রাস্তায়-বাসে ফুল বিক্রি করা শিশুটিকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। সড়কে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। গত শুক্রবার চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছেন বাসের চালক-হেলপার। গত বছর চট্টগ্রামের জিইসিতে মাত্র এক টাকা ফেরত চাওয়া নিয়ে বাগবিত-ার জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক যাত্রীকে হত্যার খবর আসে সংবাদমাধ্যমে। ২০১৯ সালে পাবনার ঈশ্বরদীতে ভাড়া নিয়ে বিবাদে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এক যাত্রীকে। ২০১৮ সালে রাজধানীর তিতুমীর কলেজের এক ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার খবর এসেছিল গণমাধ্যমে।
এই যে নিস্পাপ প্রাণ ঝরে যাচ্ছে সড়কে, তা কেবল দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রাজধানী ঢাকায় ২০১৮ সালে বাসচাপায় নিহত হয়েছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছিল আরো ১৩ জন। ওই ঘটনার পর রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সরকার ও পরিবহন মালিকদের পক্ষ থেকে সড়কের পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগের কথা শোনা গিয়েছিল। কিন্তু সেসব উদ্যোগ কোথায়? রাজধানীতে কোনো বাস কোনো নিয়ম মেনে চলে না। যত্রতত্র বাস থামানো হয়। যাত্রী ওঠানো হয়, নামানো হয়। নির্দিষ্ট ভাড়া কোনো বাসে নেওয়া হয় না। অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়।
এ অবস্থা মেনে নেওয়া যায় না। জীবনের প্রয়োজনে রাস্তায় বেরিয়েছিল যে শিশু, তাকে জীবন দিতে হলো বাসচালকের নির্মমতায়। সরকারকে এসব রোধ করতে কঠোর পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।